পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পারিবারিক হিংসা রোধে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং আইনি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালার আয়োজন করল পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে দিনভর এই কর্মশালায় অংশগ্রহণ করেন লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল, প্যানেল ল-ইয়ার এবং অধিকার মিত্ররা। ‘পারিবারিক হিংসা রোধে মহিলাদের সুরক্ষা’ শীর্ষক এই কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান সুপ্রিম দাশগুপ্ত, কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ, হাওড়া আদালতের সিনিয়র আইনজীবী অভিজিৎ দত্ত, ওয়ান স্টপ সেন্টারের প্রশাসক প্যারমিতা বক্সি ভট্টাচার্য এবং আমান ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদিকা সৌমি জানা-সহ বিশিষ্ট ব্যক্তিরা।
কর্মশালায় পারিবারিক হিংসার ক্রমবর্ধমান ঘটনা, পণপ্রথা এবং পরিবারের মহিলা সদস্যদের বাড়ি থেকে বের করে দেওয়ার মতো গুরুতর সামাজিক সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়। এই ধরনের ঘটনার মোকাবিলায় সঠিক আইনি পদক্ষেপ গ্রহণ এবং মামলার যথাযথ পরিচালনার জন্য দক্ষ আইনজীবীদের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শাহিদ পারভেজ বলেন, দরিদ্র ও অসহায় মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অধিকার মিত্ররা গুরুত্বপূর্ণ সেতুর ভূমিকা পালন করছেন। তাঁর মতে, পারিবারিক হিংসার শিকার মহিলাদের ন্যায়বিচার পাইয়ে দিতে দক্ষ আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, সামাজিক প্রেক্ষাপটে লিঙ্গবৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন আমান ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদিকা সৌমি জানা। পাশাপাশি, পারিবারিক হিংসা প্রতিরোধে প্রযোজ্য আইনের বিভিন্ন দিক এবং তার কার্যকর প্রয়োগ সম্পর্কে বক্তব্য রাখেন হাওড়া আদালতের সিনিয়র আইনজীবী অভিজিৎ দত্ত। সব মিলিয়ে, পারিবারিক হিংসার শিকার মহিলাদের আইনি সহায়তা প্রদান, তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইনি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের পেশাগত দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।
পণপ্রথা থেকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ—মহিলাদের আইনি অধিকার নিয়ে দিনভর কর্মশালা।।












Leave a Reply