কল্যাণীতে মানবিক পুলিশের উদ্যোগ, ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ বৃদ্ধকে পরিবারের হাতে তুলে দিল গয়েশপুর ফাঁড়ি।

কল্যাণী, নিজস্ব সংবাদদাতা:- পুলিশ মানেই শুধু কঠোরতা নয়, পুলিশের মানবিক মুখও দেখল কল্যাণী। হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে যাওয়া ৫৫ উদ্ধে এক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে পরিবারের হাতে তুলে দিল কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ।

পরিবার সূত্রে জানা যায় গত ২রা নভেম্বর, সোমবার উত্তর ২৪ পরগনার বনগাঁর বাসিন্দা প্রশান্ত দাস (৫৫) কে চিকিৎসার জন্য কল্যাণী জে এন এম (JNM) হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরেই ভিড়ের মধ্যে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি।

আত্মীয়রা হাসপাতাল চত্বর-সহ আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। অবশেষে বাধ্য হয়ে কল্যাণী থানায় একটি মিসিং ডায়েরি করেন পরিবারের সদস্যরা।

এরপরই তৎপর হয় পুলিশ। এদিন বিকেলে গয়েশপুর ৬ ও ৭ নং ওয়ার্ডের মাঝে একটি চায়ের দোকানের সামনে ওই ব্যাক্তিকে উদভ্রান্ত অবস্থায় ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হওয়ায় তাঁরা সঙ্গে সঙ্গে গয়েশপুর পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পাওয়ামাত্রই গয়েশপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঐ ব্যাক্তিকে উদ্ধার করে। তাঁর সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত করে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপরই পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় প্রশান্ত বাবুকে।

দীর্ঘ উৎকণ্ঠার পর দাদুকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি নাতি। দুজনের আবেগঘন পুনর্মিলনের সাক্ষী থাকল গোটা পুলিশ ফাঁড়ি চত্বর।

পুলিশের এই দ্রুত ও মানবিক উদ্যোগে যারপরনাই খুশি পরিবার, প্রতিবেশী এবং গয়েশপুর অঞ্চলের সাধারণ মানুষ। পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *