দমদম, নিজস্ব সংবাদদাতা: আসন্ন কালীপুজো, ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে নাগেরবাজার থানার উদ্যোগে অনুষ্ঠিত হল এক আলোচনা ও সমন্বয় সভা। অজিতেশ মঞ্চে আয়োজিত এই সভায় এলাকার বিভিন্ন ক্লাব ও পুজো কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পুজোকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি, নিরাপত্তা এবং প্রশাসনিক সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা হয়। উৎসবের দিনগুলিতে যাতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নাগেরবাজার থানার আইসি সুমিত কুমার বৈদ্য, এসআই অয়ন শর্মা, ঘুঘুডাঙা ফাঁড়ির ইনচার্জ অনিমা বিশ্বাস, দমদম ফায়ার সার্ভিসের আধিকারিক দেবাশিস ঘোষ, দক্ষিণ দমদম পুরসভার দেবাশিস দত্ত, মণ্ডল সভাপতি অনির্বাণ সমাজপতি ও অনিল গিরি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পুলিশ প্রশাসন, দমকল বিভাগ, পুরসভা এবং পুজো কমিটিগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উৎসবগুলি নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।