নেশামুক্ত ভারতের বার্তা নিয়ে ১৯ হাজার কিলোমিটার পদযাত্রা, করনদীঘিতে পৌঁছলেন সন্ত দীপ দাস।

উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নেশামুক্ত ভারত গড়ার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পায়ে হেঁটেই গোটা দেশ পরিক্রমায় বেরিয়েছেন এক সন্ত। কাঁধে ব্যাগ, হাতে ভারতের জাতীয় পতাকা—দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি এসে পৌঁছলেন উত্তর দিনাজপুর জেলার করনদীঘিতে।

নাম তাঁর দীপ দাস। চিত্রকূটধামে গুরুদেবের আশ্রমে থাকেন তিনি। ২০২৫ সালের ৩০ এপ্রিল, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন উত্তরপ্রদেশের ঋষিকেশ থেকে শুরু হয় তাঁর এই দীর্ঘ পদযাত্রা।

ইতিমধ্যেই প্রায় ১৯ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি। এই যাত্রাপথে দর্শন করেছেন দেশের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং পশ্চিমবঙ্গের ১৩টি সতীপীঠ। প্রতিকূলতা পেরিয়ে, একের পর এক রাজ্য অতিক্রম করে এগিয়ে চলেছেন নিজের লক্ষ্যে।

আজ রাতে দোমোহনার একটি আশ্রমে থাকবেন তিনি। আগামীকাল সেখান থেকে যাত্রা শুরু করে জলপাইগুড়ি হয়ে পৌঁছবেন অসমের কামাখ্যা মন্দিরে। তাঁর এই দেশ পরিক্রমা সম্পূর্ণ করতে এখনও প্রায় ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

তবে এই যাত্রা শুধুমাত্র তীর্থদর্শনের জন্য নয়। এর পিছনে রয়েছে এক মহৎ সামাজিক উদ্দেশ্য। দীপ দাসের কথায়, গোটা দেশকে নেশার অভিশাপ থেকে মুক্ত করার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই তাঁর এই পদযাত্রা।

হাজার হাজার কিলোমিটারের দীর্ঘ পথ, অসংখ্য বাধা আর ক্লান্তিকে সঙ্গী করেই তাঁর এগিয়ে চলা। হাতে জাতীয় পতাকা, মনে নেশামুক্ত ভারত গড়ার স্বপ্ন।

একটাই বার্তা—নেশা নয়, সুস্থ জীবনই হোক আগামী প্রজন্মের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *