শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলকে ভোট দিয়ে কোনও লাভ নেই৷ মানুষ ইভিএমে তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। শুধু সময়ের অপেক্ষা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- অষ্টাদশ লোকসভার দামামা বাজতেই নির্বাচনী প্রচারের ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দল গুলি।
উত্তর মালদার বিজেপির দলীয় প্রার্থী খগেন মুর্মু ও দক্ষিণ মালদার বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে এদিন মালদা জেলায় আলদা দুটি সভা করেন শুভেন্দু অধিকারী ৷ হবিবপুর ব্লকের কেন্দপুকুর এলাকার সভায় তিনি বক্তব্য রাখেন৷ বৈষ্ণবনগরে কালিয়াচকের তিনটি ব্লকের কর্মীদের নিয়ে জনসভা করেন তিনি৷ দুই সভাতেই কর্মী-সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয়।

প্রসঙ্গত, এক সময় তৃণমূলের জেলা পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী৷ একাধিক নির্বাচন সেই পদে থেকেই পরিচালনা করেছেন তিনি ৷ ফলে মালদার এলাকাভিত্তিক মানুষের পালস তাঁর ভালোই জানা রয়েছে৷ বৃহস্পতিবার মালদা জেলার উত্তর এবং দক্ষিণ দুটি লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বক্তব্যে তারই দৃষ্টান্ত সামনে এসেছে ৷ কেন্দপুকুরে তিনি ওই কেন্দ্রের আদিবাসী,মতুয়া ও রাজবংশীদের কথা মাথায় রেখে বক্তব্য রেখেছেন৷ অন্য দিকে বৈষ্ণবনগরের সভায় তাঁর আওয়াজ উঠে এসেছে ভয়ঙ্কর গঙ্গা ভাঙনের সমস্যা নিয়ে।

এদিন দুটি সভাতেই শুভেন্দুর নিশানায় ছিলেন মালদা উত্তর ও দক্ষিণ দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী-ই৷ সঙ্গে বক্তব্যে আক্রমণাত্মক ছিলেন মমতা-অভিষেক প্রসঙ্গে। আর তৃণমূল দল তো রয়েছেই৷ উত্তর মালদার তৃণমূল প্রার্থী, প্রাক্তন আইপিএস এর কথা উল্লেখ করে তিনি তুলনা করেন শেখ শাহজাহানের সঙ্গে৷ বলেন, মালদা ও বালুরঘাটে কান পাতলে এই আইপিএস অফিসারের নানা কীর্তি কানে আসে৷ আর দক্ষিণ মালদার প্রার্থী সম্পর্কে অনেক আগেই মানুষ জেনে ফেলেছে৷ তিনি বিদেশে থাকেন৷ তাঁর পরিবারও বিদেশে৷ ফলে তাঁকে এলাকার মানুষ কখনও কাছে পাবে না৷
শুভেন্দু অধিকারী আরও বলেন, তৃণমূলকে ভোট দিয়ে কোনও লাভ নেই৷ মানুষ ইভিএমে তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। শুধু সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *