দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ওরা ‘বন্ধু চল’-এর সদস্য। আজ বিকেলে বিদ্যালয়ের ছুটির পর যাচ্ছিলাম পতিরামের দিকে জরুরী কাজে।চলেই যাচ্ছিলাম।ওরা প্যান্ডেল বানাচ্ছিল। ঘুরে এলাম ওদের কাছে।
ওরা কেউ সূর্যদীপ,কেউ শুভজিৎ, কেউ তন্ময়,কেউ চন্দন ,কেউ রাজকুমার।
ওরা ২০২২ সাল থেকে এই দুর্গাপূজা করে আসছে ।নিজেরাই প্যান্ডেল করছে, প্রতিমা বানাচ্ছে সূর্যদীপ। ওরা কেউ পতিরাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র কেউ খাসপুর হরেকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নিজেরাই টাকা জমিয়ে প্যান্ডেল এবং প্রতিমার খরচ তুলছে। যদিও প্রতিমা বানাতে সূর্যদীপ কোন টাকা পয়সা নিচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম তোদের বাজেট কত?
উত্তর এলো আমরা নিজেরাই ১০০, ২০০ টাকা করে জমাচ্ছি এর জন্য।
টাকা যদি কম হয়ে যায় তাহলে কি হবে? সূর্যদীপ বললো বাবা মায়ের কাছ থেকে নেবো।
আমি ওদের সঙ্গে হেঁটে একটু এগিয়ে দেখে নিলাম সূর্যদীপের হাতে গড়া প্রতিমা।কি যে ভালো লাগলো! আশেপাশের বাড়ির সবাই খুব উৎসাহ দিচ্ছে ওদের।
গত দু’বছর পুজো হয়েছে পাগলিগঞ্জ হাটের কাছে ওদের বাড়ির পাশে।এবার হচ্ছে রাস্তার পাশে। যদিও এবারের পূজোর আবহ অন্যরকম, তথাপি ওদের এই উৎসাহ ভালো লাগলো।
আমাদের ছোটবেলায় বন্ধুরা মিলে নেওয়া নানান উদ্যোগের কথা মনে পড়ে গেল। কে বলতে পারে এভাবেই হয়তো ভবিষ্যতের কোন ছোট মাঝারি বড় উদ্যোগের জন্ম হচ্ছে এখন থেকেই……..
ওরা ‘বন্ধু চল’-এর সদস্য, এ বছরও আয়োজন করেছে পুজো।












Leave a Reply