গোপালপুরে রাস্তা কেটে ঢুকছে গঙ্গার জল, বন্যার আশঙ্কায় আতঙ্কে এলাকাবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- বর্ষা শুরু হতেই বন্যার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের উত্তর ও দক্ষিণ হুকুমতটোলা এলাকার মানুষজন। রবিবার রাতে বাঁধের মতো উঁচু একটি রাস্তা কেটে গঙ্গা নদীর জল হু হু করে ঢুকতে শুরু করেছে গ্রামের দিকে। এই জল ঢোকার গতি দেখে আশঙ্কা করা হচ্ছে, আগামী দু’তিন দিনের মধ্যেই গ্রাম দু’টি জলের নিচে তলিয়ে যেতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকাটি বরাবরই গঙ্গা ভাঙন প্রবণ এবং বহুবার নদী গর্ভে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। রবিবার রাতে কোন উদ্দেশ্যে বা কারা রাস্তা কেটেছে, তা স্পষ্ট নয়। তবে রাস্তা কেটে যাওয়ায় নদীর জল অনবরত ঢুকছে অসংরক্ষিত অংশ দিয়ে। এখনো পর্যন্ত জল গ্রামে পুরোপুরি না ঢুকলেও, পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে উঠছে।

সেচ দপ্তরের পক্ষ থেকে তড়িঘড়ি বালির বস্তা ফেলে জল আটকানোর চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। ফলে নদীর জল এখনও প্রবল বেগে গ্রামমুখে প্রবাহিত হচ্ছে। এলাকাবাসীরা বলছেন, যদি প্রশাসন দ্রুত কঠোর পদক্ষেপ না নেয়, তবে তারা কয়েক দিনের মধ্যেই বানভাসী হয়ে পড়বেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “রাতের ঘুম উধাও হয়ে গেছে। আমরা জানি না আমাদের ঘর থাকবে কিনা, না আমরা নিজেরাই কোথাও গিয়ে আশ্রয় নেব। প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, নয়তো গোপালপুরে বড় বিপর্যয় অবশ্যম্ভাবী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *