মালদা, নিজস্ব সংবাদদাতা :- শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়তেই মালদার বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার শিবডাঙ্গি মন্দিরে দেখা গেল বিপুল ভক্ত সমাগম। কয়েকশো বছরের প্রাচীন এই শিব মন্দিরটি একটি বিশাল বটবৃক্ষ দ্বারা পরিবেষ্টিত, যার অভ্যন্তরেই অবস্থিত শিবলিঙ্গটি আজও নিষ্ঠা সহকারে পূজিত হয়।
স্থানীয়দের বিশ্বাস, এই শিবলিঙ্গটি এক অলৌকিক শক্তির আধার এবং কালের সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে আকারে বৃদ্ধি পাচ্ছে। এই বিশ্বাসকে কেন্দ্র করেই প্রতিবছর বিশেষ করে শ্রাবণ মাসে হাজার হাজার ভক্ত দূরদূরান্ত থেকে এসে এখানে জল ঢালেন ও পূজা অর্চনা করেন। শ্রাবণের প্রথম সোমবার হওয়ায় আজ সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায়।
মন্দির প্রাঙ্গণে ভিড় সামাল দিতে বামনগোলা থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি, ভক্তদের সহায়তায় কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) দল নিযুক্ত করা হয়েছে। মন্দির চত্বরে বসেছে বিভিন্ন প্রসাদ ও পূজার সামগ্রীর দোকানও।
শিবভক্তদের মতে, “শিবডাঙ্গি মন্দিরে মন থেকে প্রার্থনা করলে শিব সব মনোবাঞ্ছা পূরণ করেন।”












Leave a Reply