বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট পৌরসভা এলাকার উন্নয়নে আরও এক ধাপ এগোল পৌর প্রশাসন। গত ২১ জানুয়ারি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে ৪০টি প্রকল্পের অধীনে মোট ৫০টি কাজের ওয়ার্ক অর্ডার প্রদান করা হয়, যার আর্থিক মূল্য ১ কোটি ৮৫ লক্ষ টাকারও বেশি।
শনিবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে ওই সমস্ত কাজের শুভ সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুনমুন কর, কাউন্সিলর পিন্টু দাস, পল্লব দাস, প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলর ও পৌর আধিকারিকরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পথশ্রী প্রকল্পের আওতায় এই রাস্তা নির্মাণের কাজগুলি করা হবে। এই প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, “একাধিক প্রকল্পের আলাদা আলাদা সূচনা করতে গেলে সময় ব্যয় হতো। তাই সমস্ত কাজ একসঙ্গে ভার্চুয়াল মাধ্যমে শুরু করা হল।”
এই উন্নয়নমূলক কাজের মাধ্যমে বালুরঘাট পৌরসভা এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে বলে আশাবাদী পৌর প্রশাসন।
একসঙ্গে ৫০টি উন্নয়ন কাজের সূচনা করল বালুরঘাট পৌরসভা।।












Leave a Reply