মালদা, নিজস্ব সংবাদদাতা:- চার বছর কেটে গেলেও এখনও ফেরেনি ছেলে। প্রতিদিন দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করেন মা—কবে ফিরবে তার সন্তান। এমনই হৃদয়বিদারক ঘটনা মালদা জেলার হবিবপুর থানার আইহো ভরপাড়া এলাকায়।
জানা গেছে, বৃদ্ধা মা ডালিয়া রায়ের একমাত্র ছেলে স্বপন রায় প্রায় চার বছর আগে ভিন রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। এরপর একবার বাড়ি ফিরলেও তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি তার। দীর্ঘদিন ধরে ছেলের কোনো সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মা।
পরিবার সূত্রে জানা যায়, স্বপন রায়ই ছিলেন সংসারের প্রধান ভরসা। বাড়িতে মা ও ছেলে একসঙ্গেই থাকতেন। মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় এখন একাই পড়েছেন মা ডালিয়া রায়। ছেলের খোঁজে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি, কিন্তু এখনও পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারাও জানান, স্বপন রায় কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু গিয়েছিলেন। সেখান থেকে একবার বাড়ি ফিরলেও তারপর থেকে আর যোগাযোগ নেই। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিবেশীরাও তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন।
ছেলের ফেরার আশায় দিন গুনছেন মা। প্রতিটি মুহূর্ত যেন তার কাছে অপেক্ষার প্রহর হয়ে দাঁড়িয়েছে।
চার বছরেও ফেরেনি ছেলে, পথ চেয়ে দিন কাটছে অসহায় মায়ের।












Leave a Reply