মালদা, নিজস্ব সংবাদদাতা:- এসআইআর সংশোধনী কেন্দ্রকে ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুই নেতার প্রকাশ্য বচসা ও গালাগালির অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার রতুয়া–১ নম্বর ব্লকে। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা সংবাদমাধ্যমের পক্ষ থেকে যাচাই করা হয়নি।
অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার কাজকর্ম নিয়ে রতুয়া–২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরউদ্দিন রতুয়া–১ নম্বর ব্লকের একটি এসআইআর কেন্দ্রে যান। সেখানে তিনি কাজের ধীরগতির প্রতিবাদ করেন এবং সাধারণ মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হেনস্তার অভিযোগ তোলেন। সেই সময়েই রতুয়া–১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মিনু সেখানে উপস্থিত হয়ে তাঁকে অসভ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন বলে অভিযোগ। এমনকি এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় বলেও দাবি আমিরউদ্দিনের।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে শেখ মিনু জানান, রতুয়া–২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের এলাকা ছেড়ে রতুয়া–১ নম্বর ব্লকে এসে সাধারণ মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছিলেন। তিনি সেই উস্কানিরই প্রতিবাদ করেছেন। শেখ মিনুর আরও দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার আগ্রহ থেকেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।
দুই তৃণমূল নেতার এই প্রকাশ্য বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন,
“তৃণমূল কংগ্রেস একটি সম্পূর্ণ উৎশৃঙ্খল দল। এসআইআর কেন্দ্রের সামনে তাদের নেতারা একে অপরকে গালাগালি করছে, মারামারি করতে উদ্যত হচ্ছে। আসলে রতুয়া বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়াকে কেন্দ্র করেই এখন শাসক দলের অন্দরে কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।”
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসিস কুন্ডুর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রতুয়ায় এসআইআর কেন্দ্রে শাসক দলের অন্তর্কলহ, কটাক্ষ বিজেপির।












Leave a Reply