মালদা, নিজস্ব সংবাদদাতা :- এবার এসআইআর (Special Inquiry Report) হেয়ারিং-এর নোটিশ পেলেন তৃণমূল পরিচালিত পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম। নোটিশ পাওয়ার পর মঙ্গলবার তিনি প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে পুরাতন মালদহ বিডিও অফিসে গিয়ে হেয়ারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। হেয়ারিং-এ অংশ নিলেও, এসআইআর-এর নামে হয়রানির অভিযোগ তুলে সরব হন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমূল হোসেন এসআইআর হেয়ারিং-এর নোটিশ পাওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস এসআইআর-কে কেন্দ্র করে হয়রানির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে। সেই আন্দোলন এখনও জেলাজুড়ে চলছে। এর মধ্যেই পুরাতন মালদহ পৌরসভার ভাইস চেয়ারম্যানের কাছে হেয়ারিং-এর নোটিশ পৌঁছানোয় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।
হেয়ারিং শেষে সফিকুল ইসলাম বলেন,
“আমার কাছে সমস্ত বৈধ নথিপত্র রয়েছে। প্রয়োজনে সব দেখাতে পারি। কিন্তু এসআইআর-এর নামে যেভাবে জনপ্রতিনিধিদের টার্গেট করা হচ্ছে, তা স্পষ্টতই হয়রানি। এর জবাব আগামী দিনে বাংলার মানুষই দেবে।”
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের দাবি, এসআইআর-এর আড়ালে বিরোধী শিবিরের জনপ্রতিনিধি ও সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, এসআইআর সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া এবং এতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
এসআইআর হেয়ারিং ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে রাজনৈতিক চাপানউতোর, যা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের রূপ নিতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।
হেয়ারিংয়ে অংশ নিয়েও ক্ষোভ প্রকাশ, এসআইআর নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে মালদায়।।












Leave a Reply