পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- কালনা বিধানসভায় বিজেপির জয়ের পর মঙ্গলবার সকালেই রাজনৈতিক আবহে এক আলাদা বার্তা দিলেন নবনির্বাচিত বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। দিন শুরুতেই তিনি কালনার পবিত্র ভাগীরথীতে স্নান করেন। এরপর কালনা স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন।
পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্ধার্থ মজুমদার বলেন, হনুমান মন্দিরে এসে তিনি আশীর্বাদ প্রার্থনা করেছেন। মানুষের যে আস্থা ও সমর্থন নিয়ে তিনি কাজ শুরু করেছেন, সেই কাজে সফল হতে দেবতার আশীর্বাদ নিয়েছেন বলেও জানান তিনি।
এদিন বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির জয়ী প্রার্থী বলেন, তাঁর বিশ্বাস বিজেপির কর্মীরা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, তৃণমূল কর্মীরাই অতীতে এই ধরনের রাজনীতিতে অভ্যস্ত। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এই ধরনের আশঙ্কার কথা তুলে ধরা হচ্ছে।
জয়ের পর প্রথম দিনেই ধর্মীয় আচার, রাজনৈতিক বার্তা এবং শান্তির আহ্বান— এই তিনের সমন্বয়ে সিদ্ধার্থ মজুমদারের মঙ্গলবারের কর্মসূচি কালনার রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য তৈরি করেছে।
“দেবতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু”—বললেন সিদ্ধার্থ মজুমদার।












Leave a Reply