থ্যালাসেমিয়া রোগীদের স্বার্থে রক্তদান শিবিরের আয়োজন হ য ব র ল সোসাইটির।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: – গ্রীষ্মকালে রক্তের ঘাটতি মেটানো এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য পর্যাপ্ত রক্তের জোগান নিশ্চিত করার লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড শহরের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
হ য ব র ল সোসাইটি, চন্দ্রকোনারোড ইউনিটের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৮১ জন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত রক্ত বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে বিশেষত থ্যালাসেমিয়া রোগীদের প্রয়োজনে ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিত্ব পীযূষ তেওয়ারি, মলয় ব্যানার্জি, নীলমাধব ব্যানার্জি, বিদ্যুৎ বিষই, মুন্নি বিষই-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং মানবসেবামূলক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে। রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *