পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়ার ওপর নৃশংস নির্যাতন ও খুনের ঘটনার দু’বছর পূর্ণ হল। ২০২৪ সালের ৯ আগস্ট আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ঘর থেকে তরুণী চিকিৎসকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছিল। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছিল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও।
ঘটনার তদন্তভার রয়েছে সিবিআইয়ের হাতে। তবে দু’বছর অতিক্রান্ত হলেও তদন্তের অগ্রগতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে। মূল দোষীরা এখনও অধরা বলে অভিযোগ উঠছে। তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আসছেন চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ। রবিবার, ৯ আগস্ট, অভয়ার স্মৃতির উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে শোকজ্ঞাপন ও নীরবতা পালন করেন চিকিৎসক, স্টাফ এবং ডাক্তারি পড়ুয়ারা। সেই কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালেও অভয়ার স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করে শ্রদ্ধা জানান চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ডাক্তারি পড়ুয়ারা। অভয়ার মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল, তার দু’বছর পরেও তদন্তের গতি নিয়ে অসন্তোষ রয়েছে বিভিন্ন মহলে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় এলেও আরজি করের এই বহুল আলোচিত ঘটনার তদন্তে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের একাংশের।
অভয়ার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে এদিন ফের উঠে আসে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
আরজি কর কাণ্ডের দুই বছর, মেদিনীপুর মেডিকেলে অভয়ার স্মৃতিতে নীরবতা পালন।












Leave a Reply