কাজের অধিকার-গণতন্ত্রের দাবিতে মেদিনীপুরে বামেদের মিছিল, কালেক্টরেটের সামনে উত্তেজনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- কাজের অধিকার, গণতন্ত্র, সমতা ও ন্যায়বিচার-সহ একাধিক দাবিতে মেদিনীপুর শহরে আইন অমান্য আন্দোলনে নামল বামপন্থী ছাত্র, যুব, মহিলা, শ্রমিক ও কৃষক সংগঠনগুলি। সোমবার এই কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর শহর। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

এদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে বামপন্থীদের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক ও কৃষক সংগঠনের বহু কর্মী-সমর্থক অংশ নেন। বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দিতে দিতে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে কালেক্টরেটের দিকে এগিয়ে যায়।

মিছিল কালেক্টরেটের মূল গেটের সামনে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা গেটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আগে থেকেই মোতায়েন থাকা বিশাল পুলিশ বাহিনী তাঁদের আটকে দেয়। কালেক্টরেটের মূল প্রবেশপথ বন্ধ করে দেয় পুলিশ। এরপর পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ঠেলাঠেলি ও ধস্তাধস্তি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

আইন অমান্য করে এগিয়ে যাওয়ার অভিযোগে একের পর এক আন্দোলনকারীকে আটক করে পুলিশ। বাম নেতৃত্বের দাবি, এদিন প্রায় ১০ হাজার আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের প্রত্যেককে জামিনে ছেড়ে দেওয়া হয় বলে দাবি আন্দোলনকারীদের।এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে গিয়ে লিখিত ডেপুটেশন জমা দেয়। কাজের অধিকার নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা-সহ একাধিক দাবি তুলে ধরা হয় ডেপুটেশনে।
বাম নেতৃত্বের বক্তব্য, সাধারণ মানুষের জীবন-জীবিকা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতেই এই আন্দোলন। তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে এই দিন মেদিনীপুর শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কর্মসূচির জেরে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *