জলমগ্ন বেহাল রাস্তা, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা—চাঁদপুরে শুরু হল জল নিষ্কাশনের কাজ।

ধুলিয়ান, নিজস্ব সংবাদদাতা:- বাংলা ও ঝাড়খণ্ডের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ, তার মধ্যে জমে থাকছে জল। ফলে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

ঘটনাটি সামশেরগঞ্জের চাঁদপুর ১৩৩ নম্বর সড়কের। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে ড্রেন থাকলেও সঠিকভাবে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর জমে যাচ্ছে জল। জলমগ্ন খানাখন্দে পড়ে উল্টে যাচ্ছে মোটরসাইকেল, টোটো-সহ বিভিন্ন যানবাহন।

এলাকাবাসীর দাবি, প্রায় এক মাস ধরে এই পরিস্থিতি চলছে। ইতিমধ্যেই একাধিক দুর্ঘটনা ঘটেছে। বড়সড় দুর্ঘটনার পাশাপাশি প্রাণহানির আশঙ্কাও করছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, বারবার সমস্যার কথা জানানো হলেও দীর্ঘদিন প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে, এলাকার একাধিক ফেসবুক ইনফ্লুয়েন্সার নিয়মিত এই সমস্যার ছবি ও ভিডিও লাইভে তুলে ধরেছেন। একাধিক দুর্ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন।

মঙ্গলবার আমাদের রিপোর্টার খবর সংগ্রহের সময় ঘটনাস্থলে পৌঁছন PWD আধিকারিকরা। শুরু হয় রাস্তার পাশে জমে থাকা জল ড্রেনের মাধ্যমে বের করার কাজ।

তবে স্থানীয়দের দাবি, শুধু সাময়িকভাবে জল সরালেই সমস্যার সমাধান হবে না। স্থায়ী জল নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন সংস্কার এবং দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন তাঁরা।

এখন দেখার বিষয়, প্রশাসনের এই উদ্যোগ কতটা কার্যকর হয় এবং কবে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান হয়। সেদিকেই তাকিয়ে চাঁদপুর এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *