রায়দিঘি, নিজস্ব সংবাদদাতা:- রায়দিঘিতে ভয়াবহ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল একটি ব্যাটারিচালিত অটো। একটি সাইকেল আরোহীকে পেছন থেকে ধাক্কা মেরে অটোটি খালে পড়ে যায়। ঘটনায় তৎক্ষণাৎ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটোর তিন যাত্রী।
সাইকেলে করে পুরন্দরপুরের বাসিন্দা সাজাহান মোল্লা রায়দিঘির দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে অটোটি এসে ধাক্কা মারে ৪ নং চৌদ্দ রশির কাছে। ধাক্কার অভিঘাতে তিনি পাশের খালে পড়ে যান। অটোর মধ্যে থাকা ৩ যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন।
সকলকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে এক মহিলার অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। রায়দিঘি গ্রামীন হাসপাতালে সাইকেল আরোহীকে মৃত বলে ঘোষণা করা হয়।
দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় রায়দিঘি থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর অটোর ড্রাইভার পালিয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।












Leave a Reply