একদিনে ১০ নবজাতকের মৃত্যু মালদা মেডিকেলে, ৮ জনই বাইরে থেকে রেফার।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- একই দিনে ১০টি নবজাতকের মৃত্যু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷ বিষয়টি জানতে পেরেই মেডিকেল কর্তৃপক্ষের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন৷ মেডিকেল সূত্রে খবর, অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘটনা ঘটেছে৷ ঘটনার কথা মেনে নিয়েছে মালদা মেডিকেল কর্তৃপক্ষও৷ মেডিকেলে সূত্রে খবর, ঘটনার দিন যে ১০জন শিশুর মৃত্যু হয়েছিল, তারমধ্যে আটজনকে বাইরে থেকে মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ ওই ৮জন শিশুর মধ্যে কারও জন্ম হয়েছিল অন্য কোনও সরকারি হাসপাতালে কিংবা নার্সিংহোমে। শ্বাসকষ্ট, জন্ডিস কিংবা হার্টের সমস্যার কারণে বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে।
ঘটনাপ্রসঙ্গে মেডিকেল সুপার প্রসেনজিৎ বর জানান, সম্প্রতি মালদা মেডিকেলে একদিনে ১০টি শিশুর মৃত্যু হয়েছে৷ তবে ওই ১০জন শিশুর মধ্যে মাত্র দুজন শিশুর জন্ম হয়েছিল মালদা মেডিকেলে৷ বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদা মেডিকেলে রেফার করা হয়েছিল৷ এনিয়ে স্বাস্থ্য ভবন থেকে রিপোর্ট তলব করা হয়েছে৷ আমরা প্রাথমিক রিপোর্ট পাঠিয়ে দিয়েছি৷ পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠিয়ে দেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *