মালদা, নিজস্ব সংবাদদাতা :- সোনার গয়না দেখার নাম করে দোকানে ঢুকে প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকার সোনার চেন চুরির অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে কলকাতা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১২ গ্রাম ওজনের সোনার চেন।
গত ৮ অক্টোবর ইংরেজবাজারের বিএস রোডে স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত নিয়োগীর দোকানে ঘটনাটি ঘটে। অভিযোগ, গয়না দেখার ছলে চেন হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুই মহিলা। বিএস রোডের পরপর তিনটি দোকানে তাদের ঢোকার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেন ব্যবসায়ীরা।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিশ। আইসি পঙ্কজ সিংয়ের নির্দেশে অফিসার আনসারুল হকের নেতৃত্বে একটি দল কলকাতা থেকে অভিযুক্ত দুই মহিলাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়।
সোনার দোকানে পরপর চুরি ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছিল স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। এই চুরির কিনারা হলেও চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মাল উদ্ধার ও চুরির ঘটনায় যুক্ত দুই মহিলাকে গ্রেফতার করার জন্য ইংরেজবাজার থানার পুলিশ এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুই মহিলার নাম, সোনিয়া ইয়াসমিন (৩৮) বাড়ি বুনারটি উত্তর ২৪ পরগনা এবং মুমতাজ বিবি (৫২) বাড়ি ধর্মতলা কলকাতা।
ইংরেজবাজারে সোনার দোকানে চুরির কিনারা, ১২ গ্রাম ওজনের চেন উদ্ধার পুলিশের।












Leave a Reply