দক্ষিণ ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা :- দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের কালিবাড়ি এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল পাশাপাশি থাকা গৌতম মান্না এবং গণেশ মান্নার দুটি মিষ্টির দোকান। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দুটো নাগাদ হঠাৎই দোকান থেকে আগুনের লেলিহান শিখা বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। সেই সময় দোকানের ভিতরে টেবিলের উপর শুয়েছিলেন দুই নাবালক-সহ এক বয়স্ক ব্যক্তি। আগুন ছড়িয়ে পড়তেই প্রাণ বাঁচাতে কোনওরকমে ঘেরার বেড়া ভেঙে বাইরে বেরিয়ে আসেন তাঁরা। অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনজন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তবে দমকল পৌঁছনোর আগেই আগুনে দোকান দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মিষ্টি তৈরির বিভিন্ন সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার-সহ দোকানের একাধিক সামগ্রী আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।