ছোট আঙারিয়া ও নন্দীগ্রাম মামলা পুনরায় খোলার হুঁশিয়ারি, তপন ঘোষকে গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-ছোট আঙারিয়া গণহত্যা এবং নন্দীগ্রাম কাণ্ডের মামলা পুনরায় খোলার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন সিপিআইএম নেতা তপন ঘোষকে গ্রেফতারের। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই গড়বেতায় তপন ঘোষের বাড়িতে পৌঁছে যায় সংবাদমাধ্যম।

তবে বাড়িতে গিয়ে দেখা মেলেনি সিপিআইএম নেতা তপন ঘোষের। বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতি থাকলেও তিনি সেখানে ছিলেন না বলে জানা গিয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় দেখা যাচ্ছে না তাঁকে।

উল্লেখ্য, ২০০১ সালের ৪ জানুয়ারি গড়বেতার ছোট আঙারিয়ায় ঘটে গণহত্যার ঘটনা। ওই ঘটনায় নাম জড়িয়েছিল তপন ঘোষ ও সুশান্ত ঘোষের। জানা গিয়েছে, তপন ঘোষ মোংলাপোতা হাইস্কুলের শিক্ষক।

মুখ্যমন্ত্রীর গ্রেফতারের নির্দেশের পর এবার কী পদক্ষেপ করে জেলা পুলিশ, সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *