শিল্পের পাশাপাশি আলুচাষিদের স্বস্তির বার্তা, কুইন্টালপ্রতি ১১২০ টাকায় আলু বিক্রির ঘোষণার কথা জানালেন বিধায়ক।

সিঙ্গুর, নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কি এবার সিঙ্গুরে ফিরতে চলেছে শিল্প? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণাকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন সিঙ্গুরবাসী। অশোক লেল্যান্ড গোষ্ঠী সিঙ্গুরে শিল্প স্থাপনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হুগলির পুড়শুড়ায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি বণিকসভার এক বৈঠকে একাধিক শিল্পপতির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। সেই আলোচনায় সিঙ্গুরে শিল্প স্থাপনের বিষয়টিও উঠে আসে। অশোক লেল্যান্ড গোষ্ঠী সিঙ্গুরে শিল্প গড়ার ব্যাপারে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিঙ্গুরের বিধায়ক তথা এলাকার জনপ্রতিনিধি চিকিৎসক অরূপ কুমার দাস। তিনি জানান, মুখ্যমন্ত্রী আগেই তাঁকে সিঙ্গুরে শিল্প গড়ার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। তাঁর কথায়, “ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে।” আগামী দিনে সিঙ্গুরে শিল্প স্থাপনের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

শুধু শিল্প নয়, এলাকার আলুচাষিদের সমস্যার কথাও তুলে ধরেন বিধায়ক। তাঁর দাবি, নির্বাচনের আগে বহু আলুচাষি তাঁর কাছে অভিযোগ জানিয়েছিলেন যে, আগের সরকারের আমলে সীমান্ত বন্ধ থাকার কারণে বাইরের রাজ্যে আলু পাঠানো সম্ভব হচ্ছিল না। ফলে উৎপাদিত আলু নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল কৃষকদের।

বিধায়কের বক্তব্য, বর্তমানে সেই সমস্যার সমাধানের পথ তৈরি হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আলুর দাম কুইন্টালপ্রতি ১১২০ টাকা নির্ধারণের কথা ঘোষণা করেছেন বলেও তিনি জানান।

সিঙ্গুরে শিল্প স্থাপনের সম্ভাবনা এবং আলুচাষিদের সমস্যা সমাধানের আশ্বাস—এই দুই বিষয়কে ঘিরে এলাকার মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তবে অশোক লেল্যান্ডের আগ্রহের কথা সামনে এলেও শিল্প স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত, প্রকল্পের সময়সীমা ও কর্মসংস্থানের পরিমাণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *