আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- ভালোবাসা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে বিশেষ ভাইফোঁটা উৎসবের আয়োজন করল অক্সিজেন স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ৩ নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বিভিন্ন এলাকার দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে ব্যতিক্রমী এই ভাইফোঁটা উৎসবের আয়োজন করে সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে প্রবীণদের কপালে ভাইফোঁটার তিলক পরিয়ে তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন উদ্যোক্তারা। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে তাঁদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, উপস্থিত সকলের জন্য দুপুরের আহারেরও ব্যবস্থা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্ণব ঘোষ, জটেশ্বর আউটপোস্টের পুলিশ আধিকারিক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উৎসবের আনন্দকে সমাজের প্রান্তিক ও প্রবীণ মানুষদের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।