আইএসএফের পক্ষ থেকে বালুরঘাট লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নমিনেশন জমা দেন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাট লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক মনোনয়ন পত্র জমা দেন। প্রসঙ্গত আজকেই বালুঘাট লোকসভা কেন্দ্রের নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৬ এপ্রিল নির্বাচন।

বালুরঘাট লোকসভা কেন্দ্রের ইটাহার বিধানসভার বাসিন্দা মোজাম্মেল হক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এদিন তিনি আইএসএফের পক্ষ থেকে বালুরঘাট লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নমিনেশন জমা দেন।
এদিকে আইএসএফ নমিনেশন দেওয়ায় সংখ্যালঘু ভোট কোন দিকে যেতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বামফ্রন্টের আরএসপি প্রার্থীর মনোনয়ন দেওয়ার পর, আইএসএফ প্রার্থীর মনোনয়ন দেওয়া প্রসঙ্গে আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক জানান, বন্ধুত্বপূর্ণ লড়াই হবে। তিনি বলেন আইএসএফ চেয়ারম্যান এখানে প্রার্থী দেওয়ার বিষয়টি ঠিক করেছেন। মূলত তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই বলে জানান আইএসএফ প্রার্থী মোজাম্মেল হক।

বালুঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান, যে কেউ নমিনেশন জমা দিতে পারেন, তার স্বাধীনতা রয়েছে। তবে এর ফলে সংখ্যালঘু ভোটে কোন প্রভাব পড়বে না বলে তিনি জানান। পাশাপাশি তিনি বলেন, সংখ্যালঘুরা জানেন কারা এটা করেছে। যাদের সংখ্যালঘু ভোট নিয়ে সংশয় রয়েছে, তারাই ষড়যন্ত্র করে এটা করেছে।

আরএসপি এর রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী জানান, যে কেউ প্রার্থী দিতেই পারে। বামফ্রন্টের তরফ থেকে এখনো আমাদের কাছে কোনো বার্তা এসে পৌঁছায়নি যে আইএসএফ বামফ্রন্টের সাথে যুক্ত হয়েছে কিনা। সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে সেই প্রশ্নের তিনি জানান, তা ভোট হলেই বোঝা যাবে।

দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরুপ চৌধুরী জানান, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার যে ভাবে কাজ করেছেন, তাতে তৃণমূল ভয় পেয়ে ভুলভাল বলছে। আইএসএফ একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে। তাছাড়া, কোন দল দাঁড়াবে তা নিয়ে বিজেপিকে জবাবদিহি করতে হবে, তা হতে পারে না। আসলে এখানে তৃণমূল অত্যাধিক আতঙ্কে রয়েছে, তাই ভুলভাল বলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *