নিজস্ব সংবাদদাতা, মালদা—-মালদা রামকিংকর বালিকা বিদ্যাশ্রম কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে থ্যালাসেমিয়া বাহক নির্ণায়ক শিবির অনুষ্ঠিত হল বুধবার। মালদার স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টজন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের ২নং গভমেন্ট কলোনীতে অবস্থিত রামকিংকর বালিকা বিদ্যাশ্রমে। উপস্থিত ছিলেন সেন্টজন অ্যাম্বুলেন্সের লেকচারার অনীল কুমার সাহা, রামকিংকর বালিকা বিদ্যাশ্রমের প্রধান শিক্ষিকা অদিতি চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। শিবিরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের থ্যালাসেমিয়া ইউনিট থেকে আগত স্বাস্থ্যকর্মীরা বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের রক্ত পরীক্ষা করে তাদের মধ্যে কেউ থ্যালাসেমিয়া বাহক কিনা তা নির্ণয় করেন। তবে শুধু থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করা নয়। এদিনের শিবিরে থ্যালাসেমিয়া রোগ কী, কীভাবে এই রোগ প্রতিরোধ সম্ভব ইত্যাদি নানান বিষয়ে ছাত্রীদের সচেতন করা হয়। সেই সঙ্গে বর্তমানে মালদা জেলায় থাকা প্রায় ১২০০ থ্যালাসেমিয়া রোগীর রক্তের যোগানের জন্য ছাত্রীদের রক্তদানে উদ্বুদ্ধ করা হয়। যাতে এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আরও বেশি বেশি করে মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন।
থ্যালাসেমিয়া প্রতিরোধে ছাত্রীদের সচেতন করল মালদার রামকিংকর বালিকা বিদ্যাশ্রম ও সেন্টজন অ্যাম্বুলেন্স।












Leave a Reply