পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লকের চন্দ্রকোনারোড সংলগ্ন তেলটকা গ্রামে এক নাবালিকার রহস্যময় মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত নাবালিকার নাম পিয়ালী রায়, বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে নিজের বাড়ির ঘরের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় পিয়ালীকে ঝুলতে দেখেন তার পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে তাকে নামিয়ে দ্বারিগেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেও ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা করছে।
এই অকালমৃত্যুতে পিয়ালীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে গোটা তেলটকা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও উদ্বেগ। স্থানীয়দের একাংশের মতে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশ নিশ্চিত করেছে যে, সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত চালানো হচ্ছে।












Leave a Reply