রাজ্যজুড়ে এসআইআর ফর্ম বিতরণে মানুষের দুশ্চিন্তা—বালুরঘাটে বিজেপির সহায়তা ক্যাম্পে উপচে পড়া ভিড়।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ— সারা রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করার কাজ শুরু করেছে প্রশাসন। গ্রাম হোক বা শহর, সর্বত্রই বাড়িতে গিয়ে ভোটারদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন বিইএলও-রা। কিন্তু ফর্ম পূরণ করতে গিয়ে বহু মানুষই আতঙ্কে ভুগছেন—সামান্য ভুল হলে বাতিল হয়ে যেতে পারে আবেদনকারীর নাম, এমন আশঙ্কায় মনোব্যাকুল সাধারণ ভোটাররা।

এই আতঙ্ক দূর করে সঠিকভাবে ফর্ম পূরণে সহায়তা করতে সক্রিয় হয়েছে রাজনৈতিক দলগুলি। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে এসআইআর ফর্ম পূরণের সহায়তা কেন্দ্র।

বালুরঘাট বিধানসভা এলাকার ৩৯ নম্বর চেঙ্গিসপুর অঞ্চলে বিজেপির তরফে চালু হয়েছে এসআইআর সংক্রান্ত একাধিক সহায়তা ক্যাম্প। রবিবার দৌঘাট, দুর্গাপুর, চেঙ্গিসপুরসহ বিভিন্ন স্থানে ঘুরে ক্যাম্পে পৌঁছান বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অশোক কুমার লাহিড়ী। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন, এমনকি নিজের হাতে বহু গ্রামবাসীকে ফর্ম পূরণে সহায়তা করেন।

বিধায়ক অশোক লাহিড়ী গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। নিয়ম মেনে সঠিকভাবে ফর্ম ফিলাপ করলেই হবে। প্রয়োজন হলে সহায়তা কেন্দ্র থেকে সাহায্য নিন।” তাঁর উপস্থিতিতে ফর্ম ভরার কাজে আরও উৎসাহিত হন স্থানীয় বাসিন্দারা।

এসআইআর প্রক্রিয়া চলতে থাকায় সহায়তা কেন্দ্রগুলির সামনে দিনের পর দিন ভিড় বাড়ছে। তবে রাজনৈতিক দলের এই উদ্যোগে সাধারণ মানুষের আতঙ্ক কিছুটা হলেও কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *