আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- আজকের সমাজে যখন নৈতিকতা ও সততার অভাব নিয়ে নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তুলে ধরলেন জটেশ্বরের এক টোটো চালক। রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি ব্যাগ নিজের কাছে না রেখে তা আসল মালিকের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে ফালাকাটা ব্লকের ডালিমপুর এলাকার ব্যস্ত রাস্তায়। এদিন ওই টোটো চালক রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে দেখেন তাতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যক্তিগত সামগ্রী রয়েছে। মুহূর্তের মধ্যেই তিনি সিদ্ধান্ত নেন ব্যাগটি যার, তাকেই ফিরিয়ে দেবেন। পরে বিষয়টি তিনি স্থানীয়দের ও অন্যান্য টোটো চালকদের নজরে আনেন এবং ব্যাগের মালিককে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। টোটো চালকের এই সততা ও দায়িত্ববোধে খুশি স্থানীয় মানুষজন। অনেকেই তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ওই টোটো চালকের কথায়, ওটা আমার নয়, তাই রেখে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানুষ মানুষের পাশে থাকলেই সমাজ ভালো হবে। এই ঘটনা আবারও প্রমাণ করল অল্প আয়ের মানুষের মধ্যেও সততা ও মানবিকতা আজও জীবন্ত।
নৈতিকতার প্রশ্নে জবাব দিল এক টোটো চালক—হারানো ব্যাগ ফিরিয়ে প্রশংসিত।












Leave a Reply