গভীর রাতে হাতির তাণ্ডব, নয়াবসতে ক্ষতিগ্রস্ত ৪–৫ বিঘা আলুর জমি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া ও মহারাজপুর এলাকায় তাণ্ডব চালাল দলছুট হাতির একটি ছোট দল। প্রায় দশটি হাতির এই দলে রাতের অন্ধকারে হানা দিয়ে ব্যাপক ক্ষতি করা হয় কৃষিজমিতে। শুক্রবার সকালে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতির তাণ্ডবে প্রায় চার থেকে পাঁচ বিঘা জমির আলু চাষ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। রাতের বেলায় হঠাৎ হাতির ডাক ও জমিতে তছনছের শব্দে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ঘরের ভিতরেই আশ্রয় নেন।
ঘটনার পর বনদপ্তরের তরফে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বনদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে হাতির দলটি বাঁধঘোড়ার জঙ্গলে প্রবেশ করেছে। হাতিদের গতিবিধির উপর কড়া নজর রাখছেন বনকর্মীরা, যাতে তারা আবার লোকালয়ে ঢুকে পড়তে না পারে।
এদিকে ক্ষতিগ্রস্ত চাষিরা দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, এক রাতের তাণ্ডবেই বছরের পরিশ্রম শেষ হয়ে গেছে। বনদপ্তরের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
হাতির উপদ্রব ঘিরে বর্তমানে মঙ্গলপাড়া ও মহারাজপুর এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *