কালীঘাটের পটচিত্রে সাজবে মণ্ডপ, ৭০তম বর্ষে বালুরঘাটের অগ্নিশিখা ক্লাবের বিশেষ আয়োজন।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- কালীঘাটের পটচিত্রের আদলে মণ্ডপসজ্জা। সেই ভাবনাকে সামনে রেখেই এ বার দুর্গাপুজোর আয়োজন করছে বালুরঘাটের অগ্নিশিখা ক্লাব অ্যান্ড লাইব্রেরি। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের দুর্গোৎসব এ বছর ৭০তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর আনুমানিক বাজেট পাঁচ লক্ষ টাকা। ক্লাব সম্পাদক পার্থ রায় এই কথা জানিয়েছেন।
পুজোর প্রতিমা তৈরি করছেন বালুরঘাটের চকভৃগুর শিল্পী উজ্জ্বল পাল। মণ্ডপসজ্জার দায়িত্বে রয়েছেন বাদুরতলার দত্ত ডেকোরেটার্সের সঞ্জয় দত্ত। আলোকসজ্জার কাজ করছেন ত্রিমোহিনীর মহন্ত ইলেকট্রিক্যালের অমল মহন্ত। শব্দ পরিবেশনার দায়িত্বে রয়েছে বালুরঘাটের মা মঙ্গলচণ্ডী সাউন্ড।
পুজো উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্রদান শিবিরের আয়োজন করা হবে। মহাষষ্ঠীর সন্ধ্যায় জেলার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুজোমণ্ডপের উদ্বোধন হবে।
ক্লাবের সভাপতি দেবাশিস সাহা ও পুজো সম্পাদক বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে চলছে প্রস্তুতি। কালীঘাটের পটচিত্রকে মণ্ডপসজ্জায় তুলে ধরার পাশাপাশি বস্ত্রদান কর্মসূচির মাধ্যমে সামাজিক উদ্যোগেও সামিল হতে চলেছে ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *