পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ৯ নম্বর অঞ্চলের আমলাগোড়া সবজি মার্কেটে শুক্রবার সন্ন্যাসী বাবার পুজো ও মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পুজো ও মেলার সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তরা সিংহ হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায়, অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পুজো কমিটির সদস্যরা।
এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রা সুসজ্জিতভাবে গোটা এলাকা পরিক্রমা করে, যা দেখতে বহু মানুষ রাস্তায় ভিড় জমান। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে আমলাগোড়া সবজি মার্কেট এলাকা উৎসবে মেতে ওঠে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই পুজো ও মেলাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকদিনব্যাপী এই মেলায় নানা সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আমলাগোড়া সবজি মার্কেটে সন্ন্যাসী বাবার পুজো ও মেলার বর্ণাঢ্য উদ্বোধন, উপস্থিত বিধায়ক।












Leave a Reply