নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষায় মুর্শিদাবাদে বন্‌ধের ডাক।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির নাগরিকত্ব ও সর্বজনীন ভোটাধিকার রক্ষার দাবিতে SIR (Special Intensive Revision) হিয়ারিং অবিলম্বে বন্ধ করা এবং NRC সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে আগামী ২৭ জানুয়ারি, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের অভিযোগ, তথাকথিত SIR প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের অযথা হয়রানি করা হচ্ছে এবং ভোটাধিকার খর্ব করার অপচেষ্টা চলছে। এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি করে গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার পরিকল্পনা করা হচ্ছে বলে তাঁদের দাবি।
তাঁদের বক্তব্য, বাঙালির নাগরিক অধিকার ও সাংবিধানিক ভোটাধিকার রক্ষার স্বার্থে এই প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত প্রয়োজনীয়। সেই কারণেই জেলার সর্বস্তরের মানুষকে এই বন্ধে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই বন্ধকে সফল করার জন্য মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা। তাঁদের দাবি, অবিলম্বে NRC ও SIR—উভয় প্রক্রিয়া বাতিল করতে হবে এবং সাধারণ নাগরিকদের উপর সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে।
উল্লেখ্য, এই বন্ধের আহ্বানে একাধিক সংগঠন সামিল হয়েছে। সংগঠনগুলির মধ্যে রয়েছে—
SIR–NRC বিরোধী সংগ্রাম, জন বিকাশ মঞ্চ, জলঙ্গী নাগরিক মঞ্চ, টুকটুকি চালক একতা মঞ্চ, ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ, ভাগানগোলা–রানিতলা নাগরিক মঞ্চ, মুর্শিদাবাদ সংযুক্ত নাগরিক মঞ্চ, বাংলার কৃষক শক্তি, আমরা মুর্শিদাবাদী, সহ আরও বহু গণসংগঠন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্ধ শান্তিপূর্ণভাবেই পালিত হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাই এই আন্দোলনের মূল লক্ষ্য। তাঁরা আশা প্রকাশ করেছেন, সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে গণতান্ত্রিক প্রতিবাদকে শক্তিশালী করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *