দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ২রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা। এই অনুষ্ঠানে জলচর পাখিদের গুরুত্ব ও সংরক্ষণের বার্তা তুলে ধরা হয় শিক্ষার্থীদের সামনে।
অনুষ্ঠানে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের বিভিন্ন জলচর ও স্থলচর পাখির ছবি প্রদর্শন করেন পাখিপ্রেমী চিন্ময় তালুকদার। এদিন শিক্ষার্থীদের দেখানো হয় সাদা বুক মাছরাঙা, সাধারণ মাছরাঙা (কমন কিংফিশার), পাইড কিংফিশার, রিভার ল্যাপউইং সহ একাধিক পরিচিত জলচর পাখি। পাশাপাশি কয়েকটি স্থলচর পাখির সম্পর্কেও আলোচনা করা হয়।
পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন দিয়া দেবনাথ ও সুজিত দেবনাথ। শিক্ষার্থীরা জানায়, “এতদিন এই পাখিগুলো দেখলেও তাদের সঠিক নাম জানা ছিল না। আজ অনেক কিছু জানতে পারলাম। আমরা পাখিদের ভালোবাসবো এবং প্রকৃতির বন্ধু হয়ে ওঠার অঙ্গীকার করছি।”
বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্যোক্তা শিক্ষক ও পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মণ্ডল জানান, “শিক্ষার্থীদের জলাভূমি ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে তুলতেই এই উদ্যোগ। ছোটবেলা থেকেই প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠলে ভবিষ্যতে পরিবেশ রক্ষা আরও শক্তিশালী হবে।”
বিশ্ব জলাভূমি দিবসে এই উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও জলচর পাখি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিল বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবক মহল।
বিশ্ব জলাভূমি দিবসে জলচর পাখি রক্ষার অঙ্গীকারে ছাত্রছাত্রীরা।












Leave a Reply