গৃহবধূ স্নেহার মৃত্যুকে ঘিরে শোক ও ক্ষোভ, মেদিনীপুরে মৌন মিছিলে শামিল পরিবার-পরিজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গৃহবধূ স্নেহা চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মোমবাতি হাতে মৌন মিছিল করলেন তাঁর বন্ধু-বান্ধব, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের বিধাননগর মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন স্নেহার বাবা-মাও। প্রিয়জনকে হারানোর শোকের আবহে একদিকে যেমন স্নেহার আত্মার শান্তি কামনা করা হয়, তেমনই অন্যদিকে তাঁর মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

মিছিলে অংশগ্রহণকারীদের দাবি, স্নেহার মৃত্যুর ঘটনার সঙ্গে যারা জড়িত, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তাঁদের বক্তব্য, স্নেহার পরিবার যেন ন্যায়বিচার পায়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেদিনীপুর শহর সংলগ্ন যমুনাবালিতে স্নেহার শ্বশুরবাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্নেহার বাপের বাড়ির পক্ষ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ স্নেহার স্বামী রণদীপ জানা এবং তাঁর বাবাকে গ্রেফতার করেছে।

স্নেহার অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে তাঁর পরিবার-পরিজন ও পরিচিতদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে। তাঁর বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের একাংশের দাবি, স্নেহা আত্মহত্যা করতে পারেন না। তাঁদের অভিযোগ, এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার নেপথ্যে কী রয়েছে, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

মঙ্গলবারের মোমবাতি মিছিল থেকে স্নেহার মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নীরবে পথ পরিক্রমার মধ্য দিয়ে প্রয়াত স্নেহার প্রতি শ্রদ্ধা জানান মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁদের একটাই প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক এবং স্নেহার পরিবার ন্যায়বিচার পাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *