ইমাম-মোয়াজ্জিনদের নিয়ে কুমারগঞ্জে তৃণমূল সংখ্যালঘু সেলের বৈঠক, ঐক্যের বার্তা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে কুমারগঞ্জ ব্লকের ভোঁওর অঞ্চলে ইমাম ও মোয়াজ্জিনদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মীসভা অনুষ্ঠিত হলো। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মাহাবুর রহমান সরকার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক নেতৃত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় কর্মীরা।

সভায় সংখ্যালঘু সমাজের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান-সহ বিভিন্ন সামাজিক ও আর্থিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প—যেমন সংখ্যালঘু বৃত্তি, আবাসন, স্বাস্থ্যসাথী ও সামাজিক সুরক্ষা প্রকল্প—মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, সংখ্যালঘু সমাজের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেস শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে।

মাহাবুর রহমান সরকার তাঁর বক্তব্যে দলীয় ঐক্য বজায় রেখে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ইমাম ও মোয়াজ্জিনরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাঁদের মাধ্যমে সামাজিক সচেতনতা আরও বাড়ানো সম্ভব। সভা ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা লক্ষ করা যায় এবং কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *