বিধানসভা ভোটের আগে বুলবুলচন্ডীতে বিজেপির জনসংযোগ, মন্দিরে দর্শন করে মানুষের সঙ্গে মতবিনিময় সাংসদ–বিধায়কের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকে মালদার হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ও হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু। এদিন তাঁরা প্রথমে শ্রী শ্রী মদনমোহন জীউ মন্দির ও বুলবুলচন্ডী বাজারের কালীমন্দিরে দর্শন ও প্রার্থনা করেন।
মন্দির দর্শনের পর বুলবুলচন্ডী বাজার ও পুরনো বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে নামেন বিজেপি নেতৃত্ব। যানবাহনের চালক, যাত্রী, পথচলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে গিয়ে জনসংযোগ করেন সাংসদ ও বিধায়ক। এই কর্মসূচির মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার দেশের উন্নয়নে কী কী কাজ করেছে, তা তুলে ধরে একটি চিঠি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়।
এদিনের জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির ৫ নম্বর মণ্ডলের সভাপতি রামেশ্বর মাহাতো, বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা বিক্রম সরকার সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। বিজেপি সূত্রে জানানো হয়েছে, ভোটের আগে মানুষের কাছে পৌঁছে গিয়ে কেন্দ্র সরকারের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতেই এই জনসংযোগ অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *