বিদ্যুৎ নেই, নেই নিজস্ব গেট— সমস্যায় জর্জরিত স্কুল।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মানিকচকের বাঁকিপুর শ্যামসুন্দরী গ্রামে অবস্থিত বাঁকিপুর জুনিয়র হাই স্কুল। বাম আমলের শেষে ২০১১ সালে এই স্কুলের প্রতিষ্ঠা। বর্তমানে স্কুলে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী ৩জন শিক্ষক-শিক্ষিকা ও একজন অশিক্ষক কর্মী রয়েছে। তবে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সমস্যা নিয়ে ধুঁকছে স্কুল। প্রতিষ্ঠার এতবছর পরও এখনো পর্যন্ত স্কুলে নেই বৈদ্যুতিক সংযোগ। স্কুলটি ৬৪ শতক জায়গা থাকলেও নিজস্ব কোনো প্রবেশদ্বার বলে কিছু নেই। স্কুলের জন্মলগ্ন থেকেই অন্যের জমি দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের। এত বছর ধরে যাতায়াতে কোনো বাধা না দিলেও বিগত একমাস ধরে বেঁকে বসেছেন জমি মালিকরা। স্কুলে যাতায়াতের জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে জমি মালিক। সেই জমিতে চাষ করে ফসল লাগিয়েছে তারা। আর জমি মালিকের এই কাণ্ডে স্কুলের প্রবেশ পথ সম্পূর্ণরূপে বন্ধ। ফলে গত ২ ফেব্রুয়ারি থেকে স্কুলের প্রবেশপথ না থাকায় সম্পূর্ণরূপে বন্ধ দশা স্কুলের। বুধবার স্কুলের সামনের রাস্তার পাশে একটি গোয়াল ঘরে বসে থাকতে দেখা গেলো স্কুলের টিআইসি স্মিতা দত্ত সহ অন্যান্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের। পাশেই ব্যাগ কাঁধে দাঁড়িয়ে বেশকিছু ছাত্র-ছাত্রী। গত ২৪ দিন ধরে প্রতিদিন সময় মত স্কুলে আসছে তারা, তবে স্কুলে প্রবেশ করতে পারছে না যারফলে পড়াশোনা ব্যাহত হওয়ায় দুশ্চিন্তায় ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *