হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- হাওড়ার বেলুড় এলাকার ভাগাড়ে মঙ্গলবার দুপুরে আচমকাই ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র দুর্গন্ধ, যার জেরে চরম ভোগান্তিতে পড়েন নিকটবর্তী জনবসতির বাসিন্দারা।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে ধোঁয়া ও দূষণ ছড়িয়ে পড়লে শ্বাসকষ্ট, অ্যালার্জি-সহ নানা শারীরিক সমস্যার প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিশ্চিন্দা থানা-র পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ভাগাড়ে মাঝেমধ্যেই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধানের আশ্বাস দেওয়া হলেও সমস্যার পুনরাবৃত্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
উৎসবের দিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। এখন প্রশ্ন—এই সমস্যার স্থায়ী সমাধান কবে?
উৎসবের দিনেই অগ্নিকাণ্ড, আতঙ্কে বেলুড়ের বাসিন্দারা।












Leave a Reply