পশ্চিম মেদিনীপুরে আচমকা ঝোড়ো হাওয়ায় বিপত্তি, ছিঁড়ল বিদ্যুতের তার, ব্যাহত যান চলাচল।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব কি এবার সরাসরি পড়তে শুরু করল পশ্চিম মেদিনীপুর জেলায়? বেলদা, দাঁতন-সহ জেলার একাধিক এলাকায় ঝোড়ো হাওয়ার দাপটে ঘটল একের পর এক বিপত্তি। কোথাও ভেঙে পড়ল গাছ, কোথাও আবার ঝোড়ো হাওয়ায় উড়ে গেল টোটো! এমনকী, বিভিন্ন জায়গায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। মঙ্গলবার দুপুরের এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে আচমকাই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে। এরপরই শুরু হয় ঝোড়ো হাওয়া। অল্প সময়ের মধ্যেই হাওয়ার দাপটে জেলার একাধিক এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসে।
বেলদা, দাঁতন-সহ বিভিন্ন এলাকায় একাধিক গাছ ভেঙে পড়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। কোথাও রাস্তায় গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে, আবার কোথাও ঝোড়ো হাওয়ার দাপটে উড়ে যায় টোটো। পাশাপাশি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় বিদ্যুৎ পরিষেবা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ঝোড়ো হাওয়ার কারণে আরও কোথাও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে চলছে জল্পনা।
তবে এখনও পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মোট কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসেনি।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝোড়ো হাওয়ার সময় গাছের নিচে বা বিপজ্জনক বৈদ্যুতিক তারের কাছাকাছি না থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলা জরুরি।
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আগামী সময়ে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *