আর্থিক অনটনে রেশন ডিলাররা, সমাধানের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রেশন ডিলারদের আর্থিক অনটন থেকে মুক্তি দেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাল All India Fair Price Shop Dealers Federation। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে নোটিফাইড আর্থিক সংকটের মধ্যে কাজ করতে হচ্ছে রাজ্যের রেশন ডিলারদের, ফলে তাঁদের স্বাভাবিক পরিষেবা প্রদান করাও কঠিন হয়ে উঠছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে রেশন ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু সেই তুলনায় তাঁদের আর্থিক সুবিধা খুবই সীমিত। তাই কমিশন বৃদ্ধি, বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো এবং অতিরিক্ত মার্জিন ও ‘টাইড-ওভার অ্যালোকেশন’-এর সঠিক হিসাব নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
রেশন ডিলারদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে অনেক ডিলারই চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
শুক্রবার সংগঠনের তরফে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন রেশন ডিলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *