পূর্ণভবা নদীর তীরে বারুণী স্নানে ভিড়, গঙ্গারামপুর শিববাড়িতে জমজমাট মেলা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: গঙ্গারামপুর-এর শিববাড়িতে পূর্ণভবা নদী-র তীরে মঙ্গলবার সকাল থেকেই জমজমাট হয়ে উঠল বারুণীর পুণ্য স্নান ও মেলা। হাজার হাজার পুণ্যার্থীর ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
প্রথা অনুযায়ী দোল যাত্রা-র প্রায় বারো দিন পর পালিত হয় বারুণী স্নান। সেই রীতি মেনেই প্রতিবছরের মতো এবছরও গঙ্গারামপুর শিববাড়িতে অনুষ্ঠিত হল এই পবিত্র স্নান ও মেলা। তিথি অনুযায়ী মঙ্গলবার সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে।
গঙ্গারামপুরের হামজাপুর, চাম্পাতলি, সর্বমঙ্গলা, উদয়, সুকদেবপুর, কাটাবাড়ি, নয়াবাজার, নীলডাঙা, ঠ্যাঙ্গাপাড়া, মহারাজপুর, বোড়ডাঙ্গী, মিশন মোড়, কালদিঘি, ধলদিঘি, কালিতলা, পূর্ব ও পশ্চিম হালদার, দত্তপাড়া, বসাকপাড়া-সহ জেলার বিভিন্ন প্রান্ত—যেমন বংশীহারী, কুশমন্ডি, হরিরামপুর, তপন, বালুরঘাট ও কুমারগঞ্জ ব্লক থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হন এই পুণ্য স্নানে।
পুণ্য স্নানের পাশাপাশি বহু ভক্তকে নদীর তীরে মাথা মুড়িয়ে পুরোহিতের মন্ত্রোচ্চারণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে দেখা যায়। স্নান শেষে ভক্তরা বিরূপাক্ষ বাণেশ্বর শিব মন্দির ও কালীমন্দিরে পুজো দেন।
অনেক পুণ্যার্থী নদীর তীরেই রান্না করে প্রসাদ গ্রহণ করেন, আবার অনেকে ঘোল, দই-চিঁড়ে ও মুড়ি খেয়ে দিন কাটান। কেউ কেউ সাধু-সন্ন্যাসীদের চাল-ডাল দান করেও পুণ্য অর্জন করেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। মেলায় নাগরদোলা, ব্রেকড্যান্স, টয় ট্রেনের মতো বিনোদনের ব্যবস্থা ছাড়াও বসেছে অসংখ্য স্টেশনারি ও খাবারের দোকান। বিকেল গড়াতেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *