মালদা, নিজস্ব সংবাদদাতা:- গাজোল বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর কদমে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাস। বুধবার বেলা প্রায় ১২টা নাগাদ গাজোল ব্লকের তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি।
মন্দিরে বিশেষ পূজা অর্চনার মাধ্যমে প্রার্থীর মঙ্গল কামনা করা হয়। উল্লেখযোগ্যভাবে, এই পূজায় উপস্থিত ছিলেন এক বিজেপি নেতা, যিনি মন্দিরের পুরোহিত হিসেবেই পূজার আচার সম্পন্ন করেন। বিষয়টি এলাকায় কৌতূহল তৈরি করেছে।
পুজো শেষে জনসংযোগে নেমে তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস বিরোধীদের বিরুদ্ধে সরব হন। তিনি দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ৩০ হাজার ভোটে পরাজিত করা হবে। তাঁর অভিযোগ, গতবার নির্বাচিত বিজেপি বিধায়ক এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করতে ব্যর্থ হয়েছেন।
‘বহিরাগত’ ইস্যু নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাবে প্রসেনজিৎ দাস স্পষ্ট জানান, তিনি মালদারই সন্তান এবং গাজোলের সার্বিক উন্নয়নই তাঁর প্রধান লক্ষ্য। এলাকার উন্নয়নকে সামনে রেখেই তিনি নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন বলে জানান।
এদিন তাঁর প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই মালদা জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
গাজোলে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস, বিজেপিকে কড়া হুঁশিয়ারি।












Leave a Reply