মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদা জেলার মানিকচকের মথুরাপুরের বোচাহী এলাকায় বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় আতঙ্কে ছুটোছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, ওই এলাকায় একটি ফাঁকা জায়গায় বিপুল পরিমাণ প্লাস্টিক ও রাবারের সামগ্রী মজুত করে রাখা ছিল। সেখানেই কোনওভাবে আগুনের সূত্রপাত হয়। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।
ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় চরম আতঙ্ক তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল দপ্তরে খবর দেন। তবে অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়নি।
এর মধ্যে স্থানীয়রাই উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অনেকটা নিয়ন্ত্রণেও আনেন। যদিও আগুনে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মানিকচকে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্লাস্টিক-রাবারের গুদামে আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি।












Leave a Reply