মালদা, নিজস্ব সংবাদদাতা:- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার বৈষ্ণবনগরে ‘বহিরাগত প্রার্থী নয়, স্থানীয় প্রার্থী চাই’—এই দাবিতে বিজেপির একাংশের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান দলীয় কর্মী-সমর্থকরা।
জানা গিয়েছে, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে রাজু কর্মকারের নাম ঘোষণা করা হয়েছে। তবে স্থানীয় কর্মীদের অভিযোগ, তিনি এই এলাকার বাসিন্দা নন এবং দীর্ঘদিন দলের সঙ্গে যুক্তও নন। ফলে তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ একাংশের কর্মী-সমর্থক।
বিক্ষোভকারীদের অভিযোগ, টাকার বিনিময়ে এই প্রার্থী করা হয়েছে। তাঁদের দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করে স্থানীয় নেতৃত্বের কাউকে প্রার্থী করা হোক।
বিজেপি কর্মী অপূর্ব মণ্ডল বলেন, “উনি আমাদের ব্লকের নন। আমরা চাই স্থানীয় কাউকে প্রার্থী করা হোক। এই আসন আমাদের জেতা সিট, বহিরাগত প্রার্থী দিলে লড়াই কঠিন হয়ে যাবে।”
অন্যদিকে বিজেপি নেতা জগাযই ঘোষও একই সুরে বলেন, “আমরা বহিরাগত প্রার্থী মানতে পারব না। যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি সংগঠনের সঙ্গে যুক্ত নন। অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনে নামব।”
প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।
বৈষ্ণবনগরে ‘বহিরাগত প্রার্থী নয়’ দাবিতে বিজেপির বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ।












Leave a Reply