আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অসময়ের বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের চাষিরা। বিঘার পর বিঘা আলুর জমি জলমগ্ন হয়ে পড়ে রয়েছে, ফলে জমিতে থাকা আলুতে পচন ধরেছে। ঘটনাটি জটেশ্বর কাজলী হল্ট সংলগ্ন হেদায়েতনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মরশুমে ভালো ফলনের আশায় বহু কৃষক আলু চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল বলে দাবি তাঁদের। কিন্তু ফসল তোলার ঠিক আগেই হঠাৎ বৃষ্টিতে সমস্ত আশা ভেস্তে গেছে।
এলাকার কৃষক জয় কুমার দাস জানান, ব্যাংক ও ব্যক্তিগত ঋণ নিয়ে তিনি আলু চাষ করেছিলেন। ফলন ভালো হওয়ায় ঋণ শোধের আশা ছিল, কিন্তু বৃষ্টির জেরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন কীভাবে ঋণ শোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
একই উদ্বেগ প্রকাশ করেছেন কৃষক মনেশ্বর বর্মন। তাঁর কথায়, “আলু তোলার সময় এই বৃষ্টি সব শেষ করে দিল। এখন ঋণ শোধ করা নিয়ে চিন্তায় পড়েছি।”
জানা গিয়েছে, শুধু হেদায়েতনগর নয়, জটেশ্বর ও আশেপাশের একাধিক এলাকায় একই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কৃষকদের মধ্যে চরম হতাশা ছড়িয়ে পড়েছে।
এদিকে ফালাকাটা ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই আধিকারিকরা পরিদর্শন করেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
সব মিলিয়ে, প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন ফালাকাটার আলু চাষিরা। এখন সরকারি সহায়তার দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
অসময়ের বৃষ্টিতে আলুর ব্যাপক ক্ষতি, ফালাকাটায় চাষিদের মাথায় হাত।












Leave a Reply