দেবাশীষ পাল, মালদা:- অকাল বৃষ্টিতে জমির আলু পচে নষ্ট হয়ে যাওয়ায় দেনার দায়ে চরম দুশ্চিন্তায় বিষপান করে আত্মঘাতী হলেন এক আলুচাষী। মঙ্গলবার সকালেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলে।
জানা গিয়েছে, মৃত কৃষকের নাম বিপতি রাজবংশী (৬৩)। বাড়ি পুরাতন মালদা ব্লকের তেলিপুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, নিজের এক বিঘা জমির পাশাপাশি আরও চার বিঘা জমি লিজ নিয়ে ঋণ ও ধারদেনা করে আলুর চাষ করেছিলেন তিনি।
চাষের ফলন তুলে ঋণ শোধ করে লাভের মুখ দেখার আশা ছিল। কিন্তু গত শুক্রবার ও শনিবারের প্রবল বৃষ্টিতে পাঁচ বিঘা জমির সমস্ত আলু জমিতেই পচে নষ্ট হয়ে যায়। এর পর থেকেই গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। কীভাবে ঋণ শোধ করবেন, সেই চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়েন।
অভিযোগ, সেই দুশ্চিন্তা ও মানসিক অবসাদের জেরেই সোমবার রাতে বাড়িতে জমিতে ব্যবহৃত বিষ খেয়ে আত্মঘাতী হন তিনি।
ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত কৃষকের পরিবারের পাশে দাঁড়াতে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন প্রতিবেশীরা।
আলু নষ্টে দুশ্চিন্তা, দেনার চাপে বিষপান করে আত্মঘাতী আলুচাষী মালদায়।












Leave a Reply