২৫ মার্চ তৃণমূলের মেগা জনসভা, বৃষ্টির মধ্যেই সভাস্থল পরিদর্শনে বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ২৫ মার্চ হরিরামপুরের এএসডিএম মাঠে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এই সভায় উপস্থিত থাকার কথা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর। সভাকে ঘিরে ইতিমধ্যেই জেলাজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।
শনিবার বিকেল প্রায় চারটে নাগাদ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই সভাস্থল পরিদর্শনে যান তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। প্রবল বৃষ্টির মধ্যেও তিনি মাঠের প্রতিটি দিক খুঁটিয়ে দেখেন। কোথায় মূল মঞ্চ তৈরি হবে, দর্শক আসনের বিন্যাস, প্রবেশ ও প্রস্থানের রাস্তা, ভিআইপি চলাচলের ব্যবস্থা—সবকিছুই সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এছাড়াও গাড়ি পার্কিং, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিদর্শনের পর জেলা সভাপতি সুভাষ ভাওয়াল-সহ দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিপ্লব মিত্র।
বৈঠকে সভাকে সফল করতে দায়িত্ব বণ্টন করা হয় এবং বুথভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করার উপর জোর দেওয়া হয়। কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা এবং সর্বোচ্চ জনসমাগম ঘটানোর লক্ষ্যে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই জনসভাকে কেন্দ্র করে হরিরামপুরসহ গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই সভা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *