নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের ২০২৬ বিধানসভা প্রার্থী তালিকা প্রকাশের পর নদীয়ার পলাশীপাড়ায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে। প্রাক্তন বিধায়ক মানিক ভট্টাচার্য-কে বাদ দিয়ে রুকবানুর রহমান-কে প্রার্থী করা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় কর্মী-সমর্থকদের একাংশ।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর নির্দেশে প্রার্থী তালিকা প্রকাশের পরই শুরু হয় প্রতিবাদ। সকাল থেকেই পলাশীপাড়া এলাকার অন্তত ২৩টি দলীয় অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়।
বিকেলের দিকে বাসস্ট্যান্ডসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধে সামিল হন প্রায় এক হাজার কর্মী-সমর্থক। কয়েক ঘণ্টা ধরে চলে এই অবরোধ।
বিক্ষুব্ধদের দাবি, “বহিরাগত” প্রার্থী রুকবানুর রহমান-কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে এবং নির্বাচনে তৃণমূলের জয় কঠিন হয়ে পড়বে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
স্থানীয় এক কর্মী আব্দুল খালেক বলেন, “আমরা বহিরাগত প্রার্থী মানি না। ভূমিপুত্র প্রার্থী চাই। অনুপ রায়কে প্রার্থী করা হোক, না হলে আন্দোলন চলবে।”
এই ঘটনায় পলাশীপাড়ায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। রাজনৈতিক মহলের মতে, একই ধরনের অসন্তোষ রাজ্যের আরও কয়েকটি আসনেও দেখা যাচ্ছে, যা আসন্ন নির্বাচনে প্রভাব ফেলতে পারে।
পলাশীপাড়ায় তৃণমূল বিদ্রোহ, ‘ভূমিপুত্র চাই’ স্লোগানে অবরোধ।












Leave a Reply