আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বরের হাজরা পাড়ায় প্রতি বছরের মতো এবছরও সাড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পূজো। বহু প্রাচীন এই পূজোকে ঘিরে পাঁচ দিন ধরে এলাকাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।
বুধবার সকালে ফিতে কেটে পূজোর শুভ উদ্বোধন করেন তৃণমূল প্রার্থী সুভাষ চন্দ্র রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তফা আলী, সমাজসেবী সমরেশ পাল, দেবজিৎ পাল, ঋষিকেশ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজরা পাড়ার বাসিন্দাদের উদ্যোগেই এই বাসন্তী পূজোর আয়োজন করা হয়। প্রতিমা আনার পর থেকে টানা পাঁচদিন ধরে চলে পূজার্চনা।
পুজো উপলক্ষে প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে আনন্দে মেতে উঠেছেন এলাকার মানুষজন।
সব মিলিয়ে ধর্মীয় আচার ও সামাজিক মিলনের মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠেছে হাজরা পাড়ার বাসন্তী পূজো।
জটেশ্বরের হাজরা পাড়ায় সাড়ম্বরে বাসন্তী পূজো, উদ্বোধনে তৃণমূল প্রার্থী।












Leave a Reply